• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৬, ১২:৩৭ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, গত রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও প্রক্রিয়া পর্যালোচনা করেন। ওই বৈঠকে তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

পিএস

Link copied!