• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, খরচের চাপে নিম্নমুখী মজুরি বৃদ্ধির হার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, খরচের চাপে নিম্নমুখী মজুরি বৃদ্ধির হার

ফাইল ছবি

দেশের মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরে এসেছে। খাদ্যপণ্যের অগ্নিমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই বিপরীতে কমেছে মজুরি বৃদ্ধির হার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের (ডব্লিউআরআই) এই তথ্য প্রকাশ করে বিবিএস। সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশে পৌঁছেছে, যা আগস্টে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৯.৩২ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে ৯.৩০ শতাংশ হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ কিছুটা বেশি ছিল। সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ, আর খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.১৮ শতাংশে। অন্যদিকে শহর এলাকায় সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮.২৬ শতাংশে এবং খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.২৫ শতাংশ।

মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে কমেছে মানুষের মজুরি বৃদ্ধির হার। সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮.০৫ শতাংশ।

খাতওয়ারি হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ মজুরি বেড়েছে। আয় ও ব্যয়ের এই বিপরীতমুখী চিত্রে নিম্ন ও সীমিত আয়ের মানুষের ওপর জীবনযাত্রার চাপ আরও জোরদার হচ্ছে।

এসএইচ 

Link copied!