ছবি : প্রতিনিধি
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হওয়ার শর্তে পর্ষদ তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ মো. মাহমুদুল হককে পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। এই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬ থেকে কার্যকর হয়েছে। পর্ষদের এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা কাঠামোয় নতুন নেতৃত্ব যুক্ত হলো।
প্রসঙ্গত, যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান মো. মাহমুদুল হক ব্যাংকটির একজন স্পন্সর পরিচালক। ব্যাংকটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি চট্টগ্রামের একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ব্যবসা-বাণিজ্যে তাঁর প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমদানি-রপ্তানি, বিদ্যুৎ, আবাসন ও বস্ত্র খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আনলিমা টেক্সটাইল, প্রিসিশন এনার্জি, আনলিমা এনার্জি, আনলিমা পেট্রোলিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
এএইচ/পিএস







































