ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
এ আসনে দুপুর ৩ টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কার্যালয়। তবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকেই আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। অনেক ভোটার ভোট শুরুর আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ও পুরুষ ভোটারের পাশাপাশি তরুণ ও প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচনের আগে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী, তাঁদের সমর্থক ও সাধারণ ভোটাররা।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকেন পাঁচজন।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছিলেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।
পিএস







































