• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ‍‍`র স্বাগত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৬, ০৫:১১ পিএম
বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ‍‍`র স্বাগত

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সংগঠনটি মনে করছে, এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে বাজারে তারল্য প্রবাহ ও লেনদেন বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ডিবিএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগতভাবে কিংবা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক বা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ডিবিএর আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু এবং সেগুলোতে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএ'র প্রত্যাশা, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় বাজারে লেনদেনের সুযোগ পাবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়বে, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সংগঠনটি আরও মনে করে, এ সিদ্ধান্তের ফলে বিশেষ করে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের গতিশীলতা বাড়বে।

বিজ্ঞপ্তিতে ডিবিএ জানিয়েছে, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সংগঠনটি ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ।

এএইচ/পিএস

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!