• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বড় কোম্পানিকে তালিকাভুক্তিতে আইনি বাধ্যবাধকতার পথে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬, ১০:২৩ পিএম
বড় কোম্পানিকে তালিকাভুক্তিতে আইনি বাধ্যবাধকতার পথে বিএসইসি

ফাইল ছবি

দেশের বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রয়োজনে আইনি বাধ্যবাধকতা আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্বেচ্ছায় তালিকাভুক্ত হতে উৎসাহ দেওয়ার পরও প্রত্যাশিত সাড়া না পেলে জনস্বার্থে এসব কোম্পানিকে তালিকাভুক্ত করার আইনি পথ খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবিত বিধিমালায় ৫০০ কোটি টাকার বেশি আইপিওতে বুক রানার পদ্ধতি, আন্ডাররাইটিংয়ের বাধ্যবাধকতা ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ এবং নির্দিষ্ট শর্তে লোকসানি কোম্পানির তালিকাভুক্তির সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয় উদ্বোধন ও সেমিনারে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, বড় কোম্পানিগুলোকে প্রথমে স্বেচ্ছায় পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা হচ্ছে। তবে এতে প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলে জনস্বার্থে তালিকাভুক্তি নিশ্চিত করতে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ জন্য সিকিউরিটিজ আইনের আওতায় নির্দিষ্ট সীমার বেশি মূলধন সংগ্রহ বা ব্যবহার করা কোম্পানির ক্ষেত্রে কমিশনের অনুমোদন ও তালিকাভুক্তির শর্ত পুনরায় কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ বা জনস্বার্থসংশ্লিষ্ট কোম্পানির ধারণা চালুর পরিকল্পনা রয়েছে।

মাসুদ খান বলেন, অনেক বড় কোম্পানির নতুন মূলধনের প্রয়োজন না থাকায় তারা আইপিওতে আসতে আগ্রহী হয় না। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কোম্পানির বাজারমূল্য নির্ধারণ, ভবিষ্যতে মূলধন সংগ্রহ এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগ থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়। বড় কোম্পানিগুলো বাজারে এলে বাজার মূলধন বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের ভালো কোম্পানিতে বিনিয়োগের সুযোগও বাড়বে।

বর্তমানে স্পন্সর ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ম শিথিল করে তাঁদের নিজেদের মধ্যে শেয়ার হস্তান্তরের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে কমিশন। তবে বাইরের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রক শর্ত থাকবে।

৫০০ কোটি টাকার বেশি আইপিওতে বুক রানার

বড় কোম্পানির আইপিওতে মূল্য নির্ধারণ ও মূলধন সংগ্রহের প্রক্রিয়া আরও বাজারভিত্তিক করতে বুক রানার পদ্ধতি চালুর প্রস্তাব করছে বিএসইসি। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার বেশি আকারের আইপিওতে এ পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।

এ পদ্ধতিতে কোম্পানি বা ইস্যু ম্যানেজার সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার আগ্রহ ও প্রস্তাবিত মূল্য সংগ্রহ করবেন। এসব প্রস্তাবের ভিত্তিতে শেয়ারের মূল্য ও মূলধন সংগ্রহের পরিকল্পনা করা হবে।

একই সঙ্গে আইপিওর আন্ডাররাইটিংয়ের বাধ্যবাধকতা কমানোর প্রস্তাব করা হচ্ছে। বর্তমানে আইপিওর ১০০ শতাংশ শেয়ার আন্ডাররাইট করার নিয়ম থাকলেও বাজার বাস্তবতায় তা কঠিন বলে মনে করছে কমিশন। এ কারণে আপাতত ৫০ শতাংশ আন্ডাররাইটিংয়ের প্রস্তাব করা হচ্ছে।

লোকসানি কোম্পানির আইপিওতেও সুযোগ

নতুন বিধিমালায় কোম্পানির লোকসানকে আইপিওতে আসার ক্ষেত্রে একমাত্র বাধা হিসেবে না রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র, সিমেন্ট ও ইস্পাত কারখানার মতো বড় মূলধননির্ভর প্রকল্পে উৎপাদনের শুরুর দিকে লোকসান হওয়াকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করছে কমিশন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, কোনো কোম্পানি ভবিষ্যতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো তৈরির সক্ষমতা দেখাতে পারলে নির্দিষ্ট ক্ষেত্রে লোকসান থাকা সত্ত্বেও আইপিওতে আসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে কোম্পানির আর্থিক সক্ষমতা ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রাখা হবে।

এ ছাড়া নতুন মূলধন সংগ্রহের পাশাপাশি বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির সুযোগ রাখতে আইপিও ও অফার ফর সেল (ওএফএস) একসঙ্গে করার বা হাইব্রিড পদ্ধতি চালুর প্রস্তাব রয়েছে।

মূল্য নির্ধারণ ও বরাদ্দে পরিবর্তন

নতুন আইপিও বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণেও পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ইস্যু ম্যানেজার চারটি মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে একটি পদ্ধতি বেছে নিতে পারবেন। তবে ওই পদ্ধতিতে মূল্য নির্ধারণের যৌক্তিকতা ব্যাখ্যা ও প্রমাণের দায়িত্ব তাঁদের ওপর থাকবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাঁকে সেই দামেই শেয়ার নিতে হবে। আইপিওর প্রাইস ব্যান্ডে সাধারণ সীমা ৫০ শতাংশ রাখার বিষয়টিও বিবেচনা করছে কমিশন।

মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা শ্রেণিতে শেয়ার বরাদ্দের পরিবর্তে সাধারণ বিনিয়োগকারী শ্রেণিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালুর প্রস্তাব করা হচ্ছে।

১০৮ পৃষ্ঠার খসড়া প্রায় চূড়ান্ত

বিএসইসি চেয়ারম্যান জানান, নতুন আইপিও বিধিমালার প্রায় ১০৮ পৃষ্ঠার খসড়া লাইন ধরে পর্যালোচনা করা হয়েছে। এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আবারও আলোচনা করা হবে।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়, পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করাও। অংশীজনদের বাস্তব সমস্যা বিবেচনায় না নিলে বিধিমালার যথাযথ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হচ্ছে।

এদিকে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে মিউচুয়াল ফান্ড খাত শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড বিক্রয় প্রতিনিধি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সুকুকের মতো শরিয়াহভিত্তিক বন্ডের সেকেন্ডারি বাজারে লেনদেন চালু এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইন্ট্রাডে ট্রেডিং চালুর বিষয়েও কাজ করছে কমিশন।

আইপিও আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া ডিজিটাল করতে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম প্রস্তুত রয়েছে জানিয়ে মাসুদ খান বলেন, নতুন বিধিমালা কার্যকর হলে এটি চালু করা হবে। পাশাপাশি আইপিও আবেদন যাচাইয়ে কোম্পানির আর্থিক বিবরণীর পাশাপাশি সম্পদ ও সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা যাচাইয়ে ‘এক্সটেন্ডেড অডিট’ পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে।

এসএইচ 

Link copied!