ফাইল ছবি
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের টেরিবাজারে বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিট এলাকায় ১২তলা বিশিষ্ট অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের পর ভবনের ভেতরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে ভবনের চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পিএস







































