বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব আবারও শুরু হলো নতুন সম্ভাবনা, প্রতিযোগিতা আর তারকাখচিত উপস্থিতির মধ্য দিয়ে। বড় পর্দার অলিম্পিক নামে পরিচিত এই উৎসব শুধু সিনেমা প্রদর্শনীর জায়গা নয়, বরং এটি বিশ্বের চলচ্চিত্র ব্যবসা, প্রযোজনা ও নতুন প্রতিভা খোঁজার এক বিশাল মিলনমেলা।
আজ (১২ মে) থেকে শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন হয়েছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির দ্য ইলেকট্রিক কিস চলচ্চিত্র দিয়ে। একই সঙ্গে আজীবন সম্মাননা হিসেবে অনারারি পাম দ্যর পাচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ড।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব আজ ফ্রান্সের উপকূলীয় শহর কান-এ শুরু হচ্ছে। ৭৯তম এই আয়োজন চলবে আগামী ২৩ মে পর্যন্ত। বরাবরের মতো এবারও বিশ্বের নামকরা নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ভূমধ্যসাগরের তীরঘেঁষা এই শহর।
স্থানীয় সময় সন্ধ্যায় ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপরই শুরু হবে বহুল আলোচিত রেড কার্পেট আয়োজন, যেখানে অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান তারকারা।
এবারের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। আর প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চান-উক। বিশ্ব সিনেমায় ভিন্নধর্মী গল্প ও নান্দনিক নির্মাণশৈলীর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ জয়ের লড়াইয়ে রয়েছেন সমসাময়িক বিশ্ব সিনেমার কয়েকজন প্রভাবশালী নির্মাতা। তালিকায় আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এদা, পাওয়েল পাভলিকোভস্কি এবং রিউসুকে হামাগুচি।
আলোচনায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে পেদ্রো আলমোদোভারের বিটার ক্রিসমাস, ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ফিয়র্ড, পাওয়েল পাভলিকোভস্কির ফাদারল্যান্ড, আসগর ফারহাদির প্যারালাল টেলস, রিউসুকে হামাগুচির অল অব আ সাডেন এবং হিরোকাজু কোরে-এদার শিপ ইন দ্য বক্স।
চলতি আসরে হলিউডের বাণিজ্যিক চলচ্চিত্রের চেয়ে স্বাধীন ও আন্তর্জাতিক ধারার সিনেমাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছেন নির্মাতা ইরা স্যাক্স। তার চলচ্চিত্র দ্য ম্যান আই লাভ আশির দশকের নিউইয়র্কের এইডস সংকটকে কেন্দ্র করে নির্মিত।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হবে হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রপেলার: ওয়ান-ওয়ে নাইট কোচ।
চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের সম্মানসূচক ‘পাম দ’র’ প্রদান করা হবে কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং সংগীত ও চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব বারব্রা স্ট্রাইস্যান্ডকে।
উৎসবজুড়ে চলবে বিশ্ব প্রিমিয়ার, সংবাদ সম্মেলন, চলচ্চিত্র বাজার কার্যক্রম ও নির্মাতাদের বিশেষ আলোচনা। পাশাপাশি নতুন নির্মাতাদের জন্য থাকছে ‘সিনেফঁদাসিওঁ’ ও শর্ট ফিল্ম কর্নারের মতো বিশেষ আয়োজন। প্রযুক্তিনির্ভর নির্মাণ, এআই ব্যবহারের প্রভাব এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়েও এবার একাধিক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বিশ্ব চলচ্চিত্রের এই মহাযজ্ঞ। তবে এর আগ পর্যন্ত আন্তর্জাতিক সিনেমা অঙ্গনের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে ফ্রান্সের কান শহর।
এম







































