ফাইল ছবি
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শনিবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে। এমনকি তাঁর মরদেহের ছবি দাবি করেও কিছু ছবি বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে তাঁর প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে বলে মনে করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি বলেন, ক্ষমতাচ্যুত হয়ে দীর্ঘ আড়াই বছর যাবৎ ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা। অনেকের প্রশ্ন, তিনি জীবিত থাকলে প্রকাশ্যে আসছেন না কেন? তাঁর প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নেই।
আবু হানিফ আরও জানান, বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত প্রকাশ্যে না আসা, অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়ানো ছবিগুলোকে কেন্দ্র করেই নানা জল্পনাকল্পনা তৈরি হয়েছে।
তাঁর দাবি, শেখ হাসিনা বেঁচে আছেন তা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটি অডিও পোস্ট করা হয়েছে। মৃত্যুর খবর ছড়ানোর পরও তিনি প্রকাশ্যে না আসায় জনমনে সন্দেহ আরও বেড়েছে। সবশেষে প্রশ্ন রেখে আবু হানিফ লেখেন, তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?
এসএই







































