ফাইল ছবি
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের গ্রেপ্তার ঘিরে নতুন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. ইমন হোসেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার পেছনের অজানা দিক তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই গ্রেপ্তারের আগে ও সময়কার নানা ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে।
মো. ইমন হোসেন জানান, কয়েক দিন আগে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তবে এর আগে ডিবি পরিচয়ে একটি দল তাঁর বাসা থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
পোস্টে উল্লেখ করা হয়, সেদিন ওই দলের সঙ্গে উত্তরা এলাকার কয়েকজন সাংবাদিকও ছিলেন। পরে বিষয়টি আরও কয়েকজন সাংবাদিক জানতে পারেন। তাঁরা তখন টাকা দাবি করেন বা ভাগ চান। কিন্তু আগে থেকে সেখানে থাকা সাংবাদিক বা ডিবি সদস্যরা সেই ভাগ দিতে রাজি হননি।
টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পরবর্তীতে ওই সাংবাদিকদের কয়েকজন উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যদের নিয়ে যান। তাঁরাই সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করান বলে পোস্টে দাবি করা হয়েছে।
এই ঘটনার সূত্র ধরে কয়েকটি প্রশ্ন সামনে এনেছেন মো. ইমন হোসেন। ডিবি পরিচয়ে বাসা থেকে স্বর্ণালংকারসহ মালামাল নেওয়ার সময় কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এতদিন তাঁকে গ্রেপ্তার না করার কারণ কী এবং হঠাৎ করেই কেন উত্তরা পশ্চিম থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করল, সেটিও জানতে চেয়েছেন।
সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারের সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ কেন হাতে গোনা দু-একজন সাংবাদিককে সঙ্গে নিয়ে গেল। এ ছাড়া বাসার সিসিটিভি ক্যামেরা দেখে স্বর্ণালংকার কারা নিয়েছে, পুলিশ কেন তা বের করতে পারছে না-সে প্রশ্নও পোস্টে রেখেছেন তিনি।
এসএইচ







































