ছবি : সংগৃহীত
ঢাকা: ক্যানসারের চিকিৎসায় নতুন আশার কথা শোনালেন চিকিৎসকরা। তারা বলছেন, ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম।
১১টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ইনজেকশন এমন রোগীদের দেওয়া হয়েছিল, যাদের ক্যানসার দেহের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল বা আবার ফিরে এসেছিল এবং যাদের অন্য কোনও চিকিৎসায় কাজ হচ্ছিল না।
‘অ্যামিভান্টাম্যাব’ নামের এই ইনজেকশন পরীক্ষায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি রোগীর টিউমারের আকার ছোট করতে সক্ষম হয়েছে। নাটকীয় পরিবর্তন দেখা গেছে কয়েক সপ্তাহের মধ্যেই। এমনকী ১৫ জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান, ওষুধটি তাদের টিউমার সম্পূর্ণভাবে গলিয়ে দিয়েছে।
লন্ডনের ‘ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ’-এর বায়োলজিক্যাল ক্যানসার থেরাপিবিষয়ক অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, ‘যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপি এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাভিত্তিক চিকিৎসা কোনওটিতেই নিরাময় হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এমন কার্যকরী ফল সত্যিই নজিরবিহীন।’
তিনি বলেন, “এমন একদল রোগীর ওপর এ পরীক্ষা চালানো হয়েছে, যাদের জন্য চিকিৎসার সুযোগ খুবই সীমিত। তাই এ ধরনের ইতিবাচক ফল সত্যিই চমকপ্রদ। এই চিকিৎসা পদ্ধতি প্রতি বছর হাজার হাজার রোগীর উপকারে আসার পারে।’
গবেষণার সম্পূর্ণ ফল রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় ক্যানসারবিষয়ক সম্মেলন 'আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি'র (অ্যাসকো) বার্ষিক সভায় উপস্থাপন করার কথা রয়েছে।
‘অ্যামিভান্টাম্যাব’ ইনজেকশন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় মাথা ও গলার ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীর ওপর। মাথা ও গলার ক্যানসার বিশ্বে ষষ্ঠ সর্বাধিক ক্যানসার।
পরীক্ষায় অংশ নেওয়া ৪৩ জন রোগীর টিউমার হয় ছোট হয়ে যায়, নয়তো পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে ২৮ জনের টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ১৫ জনের টিউমার সম্পূর্ণ নির্মূল হয়।
গবেষকরা জানান, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এই ইনজেকশন একই ধরনের ইতিবাচক ফল দেখিয়েছে।
পিএস






































