• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ, পাবে যেসব শিশু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১৮ এএম
হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ, পাবে যেসব শিশু

সারাদেশে আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই শিশুরা গত ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল।

চলতি বছরের মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ৭ মাস পার হলেও তা এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশু মারা গেছেন। এ সময় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ হাজার ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

চলতি বছর হাম ও উপসর্গে এখন পর্যন্ত ১ হাজার ৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। আর নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। শুক্রবার সারা দেশে ৫ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

মায়ের আর্তনাদহামে শিশুমৃত্যুর সঙ্গে বাড়ছে মায়েদের মানসিক চাপ
হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যুহামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১০৮৪
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর হাম ও উপসর্গে শিশু মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। এজন্য সরকার আবার টিকাদান কর্মসূচি শুরু করেছে।

এর আগে গত ৫ এপ্রিল হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইন শুরু করে। ২০ মে পর্যন্ত চলা ওই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। পরে হিসাব করে দেখা গেছে, ওই বয়সী শিশুর সংখ্যা আরও ৪৪ লাখ বেশি।

ক্যাম্পেইনের পরেও বাদ পড়া শিশুদের টিকা দেওয়া চলতে থাকে। গতকাল শুক্রবার পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৫৩০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে গবেষণায় উঠে এসেছে, ৬ মাস বয়সের কম, আবার ৫৯ মাস বয়সের বেশি অনেক শিশুর হাম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ৬ মাসের কম বয়সীদের টিকা দিয়ে লাভ নেই। অন্যদিকে ৫৯ মাসের বেশি বয়সীদের টিকা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু এই বয়সীরা হামে আক্রান্ত হচ্ছে।

হামের প্রাদুর্ভাবের প্রায় শুরু থেকে সচেতনতা বৃদ্ধি, রোগীদের আইসোলেশনে রাখা, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার পরামর্শ দিয়ে আসছেন জনস্বাস্থ্যবিদরা। তবে স্বাস্থ্য বিভাগ এসব পরামর্শকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দরিদ্র পরিবারে হাম হলে আইসোলেশনে রাখা কঠিন, কারণ তাদের ছোট এক ঘরেই পুরো পরিবারকে থাকতে হয়। তবে টিকাদান কর্মসূচির আওতায় আনলে হাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন তারা।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, টিকদান ক্যাম্পেইন শুরু হওয়ার পর একপর্যায়ে হামের সংক্রমণ কমে এসেছিল। পরে আবার বেড়েছে। এমতাবস্থায় টিকা দেওয়ার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

এম
 

Link copied!