ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ অনেক কর্মকর্তা নিহত হয়েছে। এরপর ইরান পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন ঘাটিতে হামলা শুরু করে। এরই অংশ হিসেবে সৌদি আরবের সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরান। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে।
বার্তা সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হামলার পর স্থাপনায় আগুন লাগে। তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।
এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে। বড় বড় সংরক্ষণ ট্যাংক রয়েছে। পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে।
এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।
পিএস







































