ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্যেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানই এর ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ হবে।
সোমবার (৯ মার্চ) বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিলো।
গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইরান উপসাগরীয় আরব দেশগুলোর ওপর শর্ত সাপেক্ষে হামলা বন্ধ করবে। তবে সৌদি আরব ইরানের প্রেসিডেন্টের বক্তব্য সরাসরি নাকচ করেছে।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানের প্রেসিডেন্টের বক্তব্য বাস্তবে কার্যকর হয়নি। তার ভাষণের সময়ও নয়, পরেও নয়।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে এবং অন্যান্য উপসাগরীয়, আরব এবং ইসলামী দেশগুলোতে ইরানের ‘জঘন্য’ হামলার নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘বিমানবন্দর, তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলা ‘নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি ছাড়া আর কিছুই নির্দেশ করে না। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
পিএস







































