• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোলায় বাস–সিএনজি বিরোধে চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রী


ভোলা প্রতিনিধি মার্চ ৯, ২০২৬, ০৬:০২ পিএম
ভোলায় বাস–সিএনজি বিরোধে চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রী

ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজি চালকদের বিরোধকে কেন্দ্র করে ভোলা–চরফ্যাশন সড়কে বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাস শ্রমিক ইউনিয়ন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, চরফ্যাশন থেকে বাস ও সিএনজি ছাড়ার স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুপুরে চরফ্যাশনের ডাইরেক্ট বাস কাউন্টারে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিএনজি চালকেরা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালান এবং পাঁচজন বাস শ্রমিক আহত হন। এর প্রতিবাদে বাস শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন।

তবে সিএনজি মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বাস শ্রমিকেরাই ভোলা–চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল করতে দিচ্ছেন না।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বাস শ্রমিক ও সিএনজি চালকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের উপস্থিতিতে আগের আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল ভোলাগামী সব বাস ও সিএনজি শহরের উত্তর প্রান্তের বাস টার্মিনাল থেকে চলাচল করবে। কিন্তু বাস ও সিএনজি চালকেরা সেই সিদ্ধান্ত অমান্য করে শহরের প্রধান সড়ক থেকে গাড়ি চালিয়ে যানজট তৈরি করছিলেন।

তিনি আরও বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ অভিযানের মাধ্যমে শহর থেকে বাস ও সিএনজি চলাচল বন্ধ করা হয়। পরে উভয় পক্ষই আবার শহরে প্রবেশ করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এসএইচ 

Wordbridge School
Link copied!