• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেবে না ইরান’


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৬, ০৮:৩৬ পিএম
‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেবে না ইরান’

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অংশীদারদের কাছে তেল যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে যাওয়া কোনো জাহাজ বা ট্যাংকার ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তাদের কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইব্রাহিম জোলফাগারি আরও বলেন, তেল আমদানিকারক দেশগুলোকে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার পর্যন্ত বাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তার ভাষ্য, এই অঞ্চলের নিরাপত্তার ওপরই তেলের দাম নির্ভর করে, যা বর্তমানে অস্থিতিশীল হয়ে উঠেছে।

তিনি দাবি করেন, ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি এখন আর কার্যকর থাকবে না। বরং শত্রুপক্ষের একটি হামলার পর পরবর্তী হামলার জন্য অপেক্ষা না করে ‘লাগাতার আঘাত’ হানার নীতি গ্রহণ করবে তেহরান।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নির্ভরশীল।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!