ঢাকা: তেহরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, এই ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী এবং বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ তেহরানের।
বিবৃতিতে আরো বলা হয়, এই কৌশলের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিবাদ ও বিভেদ সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য বলে দাবি করেছে ইরান।
এসআই







































