• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২, ২০২৬, ০২:৪৪ পিএম
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির টারনাটে শহরের উপকূলে উত্তর মলুকা সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে।

প্রতিবেদন বলছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭ দশমিক ৮ ধরা হলেও সবশেষ তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুকা প্রদেশের উপকূলীয় এলাকায়।

টারনাটে ও টিডোরের মতো কিছু শহরের স্থানীয় কর্তৃপক্ষকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংবাদ চ্যানেল মেট্রো টিভি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছবি সম্প্রচার করেছে।

এদিকে, এই দুর্যোগে উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি ভবন ধসে একজন নিহত হয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা।

হাওয়াই-ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৬২১ মাইলের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূল বরাবর বিপজ্জনক সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার মতে, ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে সুলাওয়েসি দ্বীপের উত্তরে অবস্থিত উত্তর মিনাহাসা শহরে ৭৫ সেন্টিমিটার ও বিটুং শহরে ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়েছে। উত্তর মলুকা প্রদেশেও ৩০ সেন্টিমিটারের ঢেউ রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের দুই ঘণ্টার কিছু বেশি সময় পর কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নিয়ে জানায়, সুনামির হুমকি এখন কেটে গেছে।

সূত্র: বিবিসি

এসআই

Wordbridge School
Link copied!