• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৬, ১২:৫৯ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরপরই ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে দুই দেশ প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কবে এই হামলা চালানো হতে পারে, সে বিষয়ে গণমাধ্যমটি কিছু জানায়নি।

প্রতিবেদনে মার্কিন কয়েকজন কর্মকর্তা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের সামরিক মহড়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ইরানের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ ইরাকের আকাশসীমার ওপর দিয়ে বিমান উড়িয়ে হামলার কৌশলও অনুশীলন করা হচ্ছে। তবে এসব প্রস্তুতির অর্থ এই নয় যে, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে।

সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত। মার্কিন কর্মকর্তাদের মতে, নতুন করে বড় ধরনের হামলা চালানো হলে ইরানের অর্থনীতি আরও গভীর সংকটে পড়তে পারে। এর মাধ্যমে তেহরানকে কূটনৈতিক আলোচনায় ছাড় দিতে বাধ্য করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সামরিক পরিকল্পনা অনুমোদন করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চলতি অক্টোবরেই হামলা চালানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না হলেও সেই সম্ভাবনা কম বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন, ৩ নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না এবং ইরানের সঙ্গে আলোচনাও চলছে।

তবে নির্বাচনের পর সামরিক অভিযান আবার শুরু করার পরিকল্পনা তৈরির খবর পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। নির্বাচনের আগে হামলা না চালানোর ঘোষণার পরও সামরিক প্রস্তুতি জোরদার হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চলতি সপ্তাহে ইসরাইলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন হামলার বিষয়টি সেই আলোচনায়ও উঠে এসেছিল। তবে এই বৈঠকের মাধ্যমে হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

এসএইচ 

Link copied!