• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পথে বিজেপি


আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০২৬, ১০:৫৮ এএম
বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া গণনায় প্রাথমিক ধাক্কা সামলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শুরুর দিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়তে থাকে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি প্রায় ১৬৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রায় ১১৩টি আসনে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও বামফ্রন্ট সীমিত কয়েকটি আসনে এগিয়ে আছে।

তবে অন্য একটি সূত্র অনুযায়ী, শুরুতে লড়াই বেশ কাছাকাছি ছিল— যেখানে তৃণমূল প্রায় ১২৫টি এবং বিজেপি ১৩০টি আসনে এগিয়ে ছিল। কিন্তু পরবর্তীতে চিত্র বদলে যেতে শুরু করে।

রাজ্যজুড়ে মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা চলছে। কোথাও ২৭ রাউন্ড পর্যন্ত ইভিএম গণনা হচ্ছে, আবার কিছু কেন্দ্রে তুলনামূলক কম রাউন্ডে ফল নির্ধারণ হবে। পুরো প্রক্রিয়া তদারকিতে রয়েছেন শতাধিক পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

এক্সিট পোলগুলোতে আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও বেশ কিছু জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। এখন পর্যন্ত গণনার প্রবণতা বলছে, সেই পূর্বাভাসই বাস্তবে রূপ নিতে পারে।

চূড়ান্ত ফলাফলে নির্ধারিত হবে— দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি বিজেপির উত্থানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

এম

Link copied!