ছবি : সংগৃহীত
ঢাকা: ইসরায়েলে বর্তমান হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইরান। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছে দেশটি।
ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই ঘোষণা দিয়েছে।
তবে তারা সতর্ক করে বলেছে, যদি ইসরায়েলের হামলা অব্যাহত থাকে, “দক্ষিণ লেবাননসহ”, তাহলে ইরান “আগের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী” প্রতিক্রিয়া জানাবে।
রোববার লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলার জবাবে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর, গত রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েল ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ আজ সকালে জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর রকেট হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থল অভিযান পরিচালনা করছে, যা তাদের ভাষ্য অনুযায়ী উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকানোর উদ্দেশ্যে করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উত্তর ইসরায়েলের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় “বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে” হামলা চালিয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে যে তারা ইরানের “কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার” ওপর বৃহৎ পরিসরের হামলা সম্পন্ন করেছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে যে তারা ইসরায়েলের দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের দায় যুক্তরাষ্ট্রকেও বহন করতে হবে এবং উত্তেজনা বৃদ্ধির পরিণতি “যুক্তরাষ্ট্রের ওপরও বর্তাবে”।
তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান “বন্ধ হয়নি”, তবে এই যোগাযোগ গতকাল থেকে চলছে কি না সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান একটি “তাৎক্ষণিক যুদ্ধবিরতি”র দিকে এগোচ্ছে এবং বিষয়গুলো দ্রুত এগোনো উচিত। এর আগে তিনি বলেছিলেন, ইরান ও ইসরায়েলকে অবিলম্বে “গুলি চালানো বন্ধ” করতে হবে।
পিএস







































