ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একইসঙ্গে তাইজ প্রদেশে সৌদি আরবের ব্যবহৃত তুরস্কের তৈরি একটি বায়রাকতার আকিনজি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করা হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এ সপ্তাহে রিয়াদের ওই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করার এটি তৃতীয় ঘটনা।
মুখপাত্র দাবি করেছেন, তাইজে ড্রোনটি একটি শত্রুতামূলক মিশনে ছিল এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেটিকে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনী এবং তাদের সমাবেশস্থলগুলোতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এদিকে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন বা গাকা জানিয়েছে, দুটি বিমানবন্দরে দুই দিনের ব্যবধানে চালানো হামলায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। পৃথক আরেকটি ঘটনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হন।
গাকার তথ্য অনুযায়ী, গত ৬ ও ৭ অক্টোবর এই হামলাগুলো চালানো হয়। তবে ঠিক কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি। হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএইচ







































