ছবি : সংগৃহীত
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ি নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। অবরোধকারীরা প্রথমে ইট পাটকেল ছুড়লেও একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটকরা নিরাপদে দিঘীনালা কাছাকাছি পৌঁছেছেন।
সাজেকের উজোবাজারে অবস্থারত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধের সত্বেও তারা সরে যায়নি। এক পর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি করলে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়।
পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয় বলেও জানান তিনি।
তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতাকর্মীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে সাজেকের বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্বের জেরে রাঙামাটির সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন সড়ক অবরোধের ডাক দেয়।
পিএস







































