• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নদী-জীবন আর মানুষের গল্পে গড়া বরিশালের ভাষা


বরিশাল ব্যুরো এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩১ পিএম
নদী-জীবন আর মানুষের গল্পে গড়া বরিশালের ভাষা

ছবি: প্রতিনিধি

বাংলা ভাষার ভেতরে এক বিশেষ স্বর, আলাদা টান নিয়ে নিজস্ব পরিচয় বহন করে বরিশাল অঞ্চলের আঞ্চলিক কথ্য ভাষা। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও জীবনসংগ্রামের জীবন্ত প্রতিচ্ছবি।

ভাষাবিদদের মতে, বরিশালের ভাষার প্রধান বৈশিষ্ট্য এর ভিন্নধর্মী উচ্চারণ। অনেক শব্দ এমনভাবে উচ্চারিত হয়, যা প্রচলিত বাংলা ধ্বনিতে পুরোপুরি ধরা যায় না। যেমন ‘হাট’ শব্দটির উচ্চারণ এখানে হা ও আ-এর মাঝামাঝি এক স্বরে শোনা যায়, যার নির্দিষ্ট লিখিত রূপ নেই।

এ অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ভাষার এই স্বাতন্ত্র্য গড়ে তুলেছে। নদীভাঙন, চরাঞ্চল, জোয়ার-ভাটা ও জলনির্ভর জীবনযাপন বরিশালের মানুষের ভাষা ও ভাব প্রকাশকে দিয়েছে ভিন্ন মাত্রা। একই সঙ্গে বাওয়ালি, জেলে, পাটিয়াল, কুডিয়ালসহ নানা পেশার মানুষের বসবাস ভাষাকে করেছে আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক।

ঐতিহাসিকভাবে এই অঞ্চল একসময় বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা আজও টিকে আছে লোককাহিনি, প্রবাদ-প্রবচন, ছড়া, লোকনাট্য ও লোকসংগীতে। বিশেষ করে জারি, সারি ও ভাটিয়ালি গানে নদীকেন্দ্রিক জীবনের সুখ-দুঃখ ও সংগ্রামের প্রতিফলন দেখা যায়।

লোকজ খেলাধুলা ও জীবনযাপনেও রয়েছে বৈচিত্র্য। দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ডাঙ্গুলি কিংবা পানিঝুপ্পার মতো খেলাগুলো একসময় গ্রামীণ জীবনে প্রাণ জুগিয়েছে। পাশাপাশি কাঠামি নাও, তালের ডোঙ্গা বা গয়না নৌকার মতো লোকজ যানবাহন এবং শোলাশিল্প, কাঁথাশিল্প, পাটিশিল্পসহ নানা হস্তশিল্প এ অঞ্চলের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।

প্রবাদ-প্রবচনেও বরিশালের নিজস্বতা স্পষ্ট। যেমন প্রচলিত ‘কষ্ট ছাড়া কেষ্ট মেলে না’ কথাটির বরিশালি রূপ ‘ওল না ভিজাইলে ঝোল খাওয়া যায় না’। অর্থ একই—পরিশ্রম ছাড়া সাফল্য আসে না।

শিশুদের ছড়া ও কথাবার্তায়ও এই ভাষার স্বাদ মেলে। ‘মোগো মোনু ভালো, আম টোহাইতে গ্যালো’—এখানে ‘মোগো’ মানে আমাদের, ‘মোনু’ মানে শিশু। এ ধরনের শব্দ ও ছড়া শুধু বিনোদন নয়, ভাষার ধারাবাহিকতা রক্ষার মাধ্যমও।

গবেষকদের মতে, বরিশালের এই ভাষা কেবল একটি উপভাষা নয়; এটি একটি অঞ্চলের জীবন, প্রকৃতি ও সংস্কৃতির প্রতিফলন। তবে আধুনিকতার প্রভাবে অনেক ঐতিহ্য বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই এই ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এসএইচ 

Link copied!