ছবি : সোনালীনিউজ
ঢাকা: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং দক্ষতা উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)’–এর ঢাকা বিভাগীয় কমিটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিএসসি সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিবেদক অ্যাডভোকেট সুমন কুমার রায়সহ তিনজনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাশেদ নিজাম এবং সদস্য সচিব করা হয়েছে মাহদি হাসানকে। এছাড়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট তরুণ লাল বেগি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যদের নাম ও অর্পিত দায়িত্ব পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় সাংবাদিক সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে বিজেপিসি। খুলনা অঞ্চল থেকে কার্যক্রম শুরু করা এই প্ল্যাটফর্মটি গত দুই বছর ধরে দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছে।
আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়-ভীতি, সামাজিক বা রাজনৈতিক চাপমুক্ত হয়ে সত্য প্রকাশ করতে পারেন, সে জন্য সব গণমাধ্যমকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
সভায় ঢাকা বিভাগের সাংবাদিকদের নানা সংকট, পেশাগত জীবনের ঝুঁকি, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে সংগঠনের পরিধি আরও জোরদার করার তাগিদ দেন উপস্থিত নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাগত মর্যাদা পুনর্দখল ও সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় ঢাকা অঞ্চলের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে তারা রাজপথে ও টেবিলে সমানভাবে সোচ্চার থাকবেন।
এসআই







































