ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরো মাত্রায় এগোলেও কবে তফসিল ঘোষণা করা হবে-সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার একটি খসড়া পরিকল্পনা ছিল কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পর্যায়ের বৈঠক করে কমিশন। বৈঠকে ছিলেন সচিব আখতার আহমেদও।
তিনি বলেন, সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। তবে তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসি পুরোপুরি প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করছি। সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন।
সাংবাদিকদের জন্য আয়োজিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২; রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮ এবং নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন ইসি সচিব। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
এর আগে সকালে আরেক অধিবেশনে অংশ নেন নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ। তিনি সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, কমিশনের ভূমিকা ও নির্বাচনসংক্রান্ত আইন-ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এসএইচ



































-6a5180056c541-20260711030002.jpg)



