ছবি : প্রতিনিধি
ঢাকা: ভোর রাত থেকে দুপুরের আগেই দেশে তিন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় আহত হয়েছেন আর অন্তত ৩১ জন আহত হয়েছেন।
জানা যায়, এসব দুর্ঘটনার মধ্যে কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন এবং হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে আরও ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম সদর দক্ষিণ উপজেলায় মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২২ মার্চ) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন এবং ১১ জন আহত হন।
পিএস







































