যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর, যা স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রায় পৌনে ১১টার দিকে যশোর বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলায় উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার।
পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতেই রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এখানে জনসভায় অংশ নিয়েছিলেন।
এম







































