• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গু চিকিৎসায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৬, ০২:৩৩ পিএম
ডেঙ্গু চিকিৎসায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে সেখানে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সক্ষমতা আরো বাড়ানো প্রয়োজন। ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা নিয়মিত পর্যালোচনা এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত অল্পসংখ্যক রোগী শনাক্ত হলেও সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে। প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরো জানান, দেশের বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা চলছে। উপজেলা পর্যায়েও সমন্বয় সভা আয়োজন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

পিএস

Link copied!