• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, ফের কমলো গ্যাস সরবরাহ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৬, ১০:৩২ পিএম
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, ফের কমলো গ্যাস সরবরাহ

বর্তমানে শুধু মহেশখালীর সামিটের গ্যাস সরবরাহ সচল রয়েছে। ছবি: সংগৃহীত

এলএনজি কার্গো না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) টার্মিনালটিতে গ্যাসের মজুত ফুরিয়ে যায়।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় কূপ থেকে এসেছে ১ হাজার ৬২৮ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৬১ মিলিয়ন ঘনফুট।

তবে সন্ধ্যা ৬টার দিকে এলএনজি সরবরাহ কমে দাঁড়ায় ৫৬২ মিলিয়ন ঘনফুটে। একই সময়ে দেশীয় গ্যাস সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৬২৭ মিলিয়ন ঘনফুট। ফলে জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস প্রবাহ কমে দাঁড়ায় ২ হাজার ১৮৯ মিলিয়ন ঘনফুটে।

কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের ওপর নির্ভর করতে হবে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে কারিগরি সমস্যার কারণে গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মার্কিন কোম্পানি এক্সিলারেটের টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তখন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ওই সময় শুরুতে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস দেয়া হলেও রাতে ধাপে ধাপে তা বাড়ানো হয়েছিল।

 এম

Link copied!