ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাত মাস পূর্তিতে দেশে গ্যাস সরবরাহ বৃদ্ধি ও অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সরকারের গৃহীত বহুমুখী জনকল্যাণমূলক ও সংস্কারমূলক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিল্পকারখানায় গ্যাস সংকট কাটিয়ে ওঠার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে প্রথম ধাপে ১৫০টি নতুন কূপ খনন এবং এলএনজি আমদানির কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতির শক্ত অবস্থানের কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স বাংলাদেশকে ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ অবস্থায় উন্নীত করেছে। এতে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া বিগত বছরের এই সময়ের তুলনায় মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেট কমে এসেছে এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিও বেশ ভালো রয়েছে।
সংবাদ সম্মেলনে সাত মাসের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন, পেনশনভোগীদের ভাতা বৃদ্ধি, প্রবাসীদের সুবিধার জন্য এনআইডি ও পাসপোর্ট সেবা সম্প্রসারণ এবং বিচার বিভাগে সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি সড়ক যোগাযোগে ই-টোল চালুকরণ, চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ৪১টি দেশে এনআইডি কার্যক্রম বেগবান করার তথ্য জানান তিনি।
মাহ্দী আমিন উল্লেখ করেন, ফ্যাসিবাদ-পরবর্তী ভঙ্গুর অবস্থাকে কাটিয়ে মাত্র সাত মাসে একটি মানবিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। সরকারের নীতি ‘সবার আগে বাংলাদেশ’ কে সামনে রেখে দল-মত-পথের ঊর্ধ্বে উঠে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এসএইচ


































-20260911030407.jpg)




