ছবি : সংগৃহীত
ঢাকা: দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।
সংগঠনটির দাবি, সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রী প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না।
যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কত পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন—এ বিষয়ে কোনো স্বচ্ছ হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয় না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকারের সময় থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুবিধা পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরবর্তী সময়ে ওই সিদ্ধান্তকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ করেছে সংগঠনটি।
জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
পিএস







































