• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে তিন মাসের বকেয়া


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৬, ১২:২২ পিএম
অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে তিন মাসের বকেয়া

ফাইল ছবি

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা- কর্মচারীরা আগামী অক্টোবর মাসের মূল বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার পেতে পারেন। তবে কে কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের ওপর। আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে আইবাস প্লাস প্লাসের (iBAS++) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে এবার বেতন নির্ধারণ করা হবে। এজন্য সরকারি চাকরিজীবীদের নির্ধারিত পোর্টালে প্রবেশ করে নিজস্ব চাকরিসংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। তথ্য প্রদানের সময় জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান মূল বেতন এবং আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মুঠোফোন নম্বর দিতে হবে।

একই সঙ্গে আগের বেতন নির্ধারণের তথ্য এবং পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডের তথ্য ও এর স্বপক্ষে প্রয়োজনীয় অফিস আদেশ ও নথি প্রস্তুত রাখতে হবে। নাম, পরিচয়পত্র ও পদবির তথ্যে ভুল থাকলে বা নথির সঙ্গে না মিললে জটিলতা তৈরি হতে পারে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের চাকরির নথিতে থাকা জন্মতারিখসহ তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।

অনলাইনে তথ্য ছক পূরণের পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই-বাছাই করবে। তথ্যে কোনো অসংগতি থাকলে সংশোধন করতে হবে। তবে প্রক্রিয়াটিতে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অর্থ বিভাগের ‘এসপিএফএমএস’ কর্মসূচির আওতায় সিএএফও, ডিসিএ, ডিএএফও এবং ইউএও কার্যালয়ের কর্মকর্তাদের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তথ্য যাচাই শেষে চূড়ান্ত নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল ও বকেয়া পাওনার হিসাব তৈরি করা হবে।

নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে তিন ধাপে মূল বেতন এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন ভাতা কার্যকর হবে। প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে।

৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতনকে ভিত্তি ধরে নতুন মূল বেতন ও পুরোনো মূল বেতনের যে পার্থক্য হবে, তার ৪০ শতাংশ দেওয়া হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে সেই পার্থক্যের ৭০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। চলতি অর্থবছরে দুই দফায় মূল বেতনের ৭০ শতাংশ প্রদানের জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উচ্চতর গ্রেডের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে ৮ বছর চাকরি পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ৬ বছর পূর্ণ হলে মিলবে দ্বিতীয় উচ্চতর গ্রেড। তবে আগের বেতনকাঠামোয় ইতোমধ্যে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন কাঠামোয় ওই পদে আর কোনো উচ্চতর গ্রেড পাওয়া যাবে না।

আর ৩০ জুন ২০২৬ পর্যন্ত যারা একটি মাত্র উচ্চতর স্কেল পেয়েছেন, তারা চাকরি ৬ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন। আগের নিয়মে সুবিধা পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে পে ফিক্সেশনে যেন জটিলতা না হয়, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।

এসএইচ 

Link copied!