• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসছে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৬, ০৯:৪৭ এএম
আসছে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ

ফাইল ছবি

ঢাকা: চলতি মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। এ ছাড়া মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে পুরো মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে নদ-নদীর পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ থেকে ৪ মিলিমিটার থাকতে পারে। এ ছাড়া গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হতে পারে দৈনিক ৪ থেকে ৬ ঘণ্টা।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা পরবর্তী সময়ের আবহাওয়াগত পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এসআই

Link copied!