• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ১২:০৮ পিএম
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আজ সোমবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হচ্ছে। ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এ সম্মেলনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সরকারের আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পৃথক দুটি পর্বে বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে তার। এছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হতে পারে। এসব বৈঠকের সময়সূচি নিয়ে আজ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে। উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহ্বান জানানো হবে।

আবদুল আউয়াল মিন্টু আরও জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশ এ সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবার একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান অত্যন্ত গুরুত্ব বহন করছে।

তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ আজ সোমবার থেকে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীন অনুষ্ঠিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবারের জলবায়ু সম্মেলনের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির অধীনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করবেন। বিকেলে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে তারা আনতালিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এবার প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক যাবেন এবং আগামীকাল তারা ঢাকা ত্যাগ করবেন।

এসএইচ 

Link copied!