• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম
হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কথাই হয়নি। ভারত সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এ তথ্য আসেনি উল্লেখ করে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে সরকার তা বিবেচনা করে জবাব দেবে।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের নাগরিক হলেই সবাই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। সাজাপ্রাপ্ত আসামি বা গুরুতর অপরাধের মামলার আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আশা প্রকাশ করে তিনি বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। তাঁকে কীভাবে ফিরিয়ে আনা হবে, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকার মনে করে, তিনি আসামি হিসেবে দেশে ফিরে সাজা ভোগ করবেন। ভারত চুক্তি অনুযায়ী সাড়া দিলে বিষয়টি সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, অন্য দেশে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে তা মোকাবিলা করতে হবে। তবে তাঁর মতে, এই বিষয়টি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। কারণ, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়েও অনেক বড় বিষয়।

দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ। এ ছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও একই কথা জানান তিনি। বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে এবং সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে তা অনুষ্ঠিত হবে।

এসএইচ 

Link copied!