ফাইল ছবি
বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের নতুন কমিটি গঠনের পর এবার আলোচনায় এসেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের রাজনৈতিক অতীত ও পারিবারিক পরিচয় গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। অতীতে ছাত্রলীগ বা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন-এমন ব্যক্তিদের বিষয়ে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে এবং তথাকথিত ‘গুপ্তচরভিত্তিক’ রাজনীতির চর্চা বন্ধ করতে বিএনপি হাইকমান্ড থেকে বড় ধরনের সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নতুন নেতৃত্ব নির্বাচনে রাজপথের সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভূমিকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে ইতিমধ্যে সম্ভাব্য নেতাদের একটি তালিকা রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পেলেই তা ঘোষণা করা হবে।
বর্তমান কমিটির শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা নতুন কমিটি গঠনের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কমিটি গঠন একটি নিয়মিত ধারাবাহিক প্রক্রিয়া এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই এটি নির্ভর করছে। পদপ্রাপ্তি নিয়ে কোনো অসুস্থ প্রতিযোগিতা নেই, বরং সুস্থ প্রতিযোগিতা রয়েছে। তারেক রহমান যাকেই দায়িত্ব দেবেন, সবাই একতাবদ্ধ হয়ে তার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তৃণমূলের আশা, নতুন এই নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি ফিরবে।
এসএইচ







































