ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। গত শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংস দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার মো. আবুল কাসেম চৌধুরী। এরপর চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাতে এসপি জাহাংগীরের ব্যক্তিগত মোবাইল নম্বর ও একটি অ্যাপ অ্যাকাউন্ট থেকে পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে সংবেদনশীল বার্তা পাঠানো হয়। সেখানে ডিসেম্বরে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামা এবং বাংলাদেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ ছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাঁর দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মাহমুদ জানান, এই অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস, নেপথ্য পরিকল্পনাকারী এবং দেশি-বিদেশি অর্থনৈতিক বা প্রযুক্তিগত মদদদাতাদের চিহ্নিত করতে পাঁচটি সুনির্দিষ্ট রহস্য উদঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের উসকানির সুনির্দিষ্ট ডিজিটাল প্রমাণ মিলেছে। বাহিনীর ভেতরে এ ধরনের কর্মকাণ্ডে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
এদিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসপি জাহাংগীরের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তাঁর অভিযোগ, জাহাংগীরের মোবাইল ফোন হ্যাক করে ওই সব বার্তা পাঠানো হয়েছে এবং তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।
এসএইচ







































