• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৪:২৪ এএম
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ওই বাড়িটি পুলিশি পাহারায় ছিল। আমাদের তিনজন সদস্য পাহারা দেয়। তারা খেয়াল করতে পারেনি।

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই অংশ পরিত্যক্ত।

ওখানে ভাঙ্গা কিছু চেয়ার-টেবিল ছিল। আমাদের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ফলে ফায়ার সার্ভিসকে কল করতে হয়নি।

কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসাররা ঘটনাস্থলে আছে।

তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে।

এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন।

একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায়।

কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। উনাকে পাওয়া যায়নি।

এম

Link copied!