• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬, ০২:৩৭ পিএম
নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে দগ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক তাদের ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন— শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) ও লীমা বেগম (২৬)। তারা সবাই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ। তিনি জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মিজান জানান, শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

মিজান আরও জানান, তাদের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এসআই

Link copied!