ফাইল ছবি
ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দিতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চান না, তবে দুর্বল মনে করলে কাউকে ছেড়েও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত বয়স্ক একজন মানুষকে আটক করায় অনেকের গাত্রদাহ হয়েছে। অথচ বিএনপির প্রবীণ নেতা এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে হাতকড়া পরে আদালতের বারান্দায় ঘুরেছেন এবং তাঁকে ধরে ধরে ওঠানো হতো। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকেও হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হতো। পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে তাঁকে তুলে নেওয়া হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা দেওয়া হয়েছিল।
এই সংসদ সদস্য আরও বলেন, যাত্রাবাড়ীর কাঠেরপোল এলাকায় বাসে আগুন দেওয়ার মতো মিথ্যা অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল। তাঁরা এসব সহজে ভুলে যাননি, তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করেন না। কিন্তু কেউ তাঁদের একেবারে দুর্বল ভাবলে ছাড় দেওয়া হবে না।
পাঠ্যবইয়ের প্রসঙ্গ তুলে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে শেখানো হয়েছে এবং শিক্ষকেরাই বই-পুস্তকে এসব কথা লিখেছেন। শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, তবে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না এবং লাশ দাফন করার মতো লোকের অভাব হতো না বলে মন্তব্য করেন তিনি।
এসএইচ







































