ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৮ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন, মো. আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া একই থানার বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনকেও বহিষ্কার করা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খাঁন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুলুক হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকেও দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই এসব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএইচ







































