• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৬, ০৫:৪৯ পিএম
সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনের রক্ষক হয়েও সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘কথা বলার অধিকার এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার দেশের প্রতিটি নাগরিক ও দলের রয়েছে। নাগরিকদের এই মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এই হামলার ঘটনায় এরইমধ্যে এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে সরকার নিজের দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কী ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, পুরো দেশবাসী তা দেখার অপেক্ষায় রয়েছে।

এনসিপি নেতাদের বিরুদ্ধে উল্টো চুরির মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, বিরোধী দল ও ভিন্নমতের ওপর এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পিএস

Link copied!