ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত–বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই গণহত্যা মামলার আসামি এই নেতারা চলতি নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি আন্তর্জাতিক স্থল সীমান্তে গিয়েছিলেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল অঞ্চলে এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকায় যান তাঁরা।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে তাঁর দলীয় নেতৃত্ব। এরই অংশ হিসেবে পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন বলে উল্লেখ করা হয়েছে।
আখাউড়া সীমান্ত অঞ্চলে যাওয়া সাত-আটজন শীর্ষ নেতার মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন। এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাঁদের আলোচনা হয়েছে। ত্রিপুরার সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, দুটি সীমান্ত এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন ওই নেতারা। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতীয় কর্মকর্তারা ওই নেতাদের চলাচলের ওপর দূর থেকে নজর রেখেছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে বা অন্যান্য দেশে চলে যাওয়া বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনেকেই দেশে ফেরার ও গ্রেপ্তারের মতো যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার আগে থেকেই তাঁদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। গত দেড় মাসে দল ও ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর নানা পর্যায়ের প্রায় তিনশ তরুণ ও যুবক ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছেন বলে জানা গেছে। ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থানরত হাতেগোনা কয়েকজনও ফিরেছেন। তবে গ্রেপ্তারের আশঙ্কায় ফিরে যাওয়া নেতাকর্মীদের তথ্য প্রকাশ করতে চাননি দলটির নেতারা।
এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস ব্রিফিংয়ে আবারও বলেছেন, তাঁরা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত তাঁকে ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।
অন্যদিকে, ল ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করলেও শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে আইনি পথে তাঁর দেশে ফেরার কোনো পথ এখনো দেখা যাচ্ছে না বলে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএইচ







































