• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৩১ পিএম
পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালানো স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই। পালিয়ে যাওয়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতি জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখা হবে। এতে মানুষ মন থেকেই তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদায় মূল্যায়ন করা হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, সংগৃহীত স্মারক যাতে অবহেলিত না থাকে, সে জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে। জাদুঘরের অন্তত দুটি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে চক্রাকারে প্রতি ১৫ দিন বা এক মাস পরপর একেক দলের স্মারক প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারক দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে। জাদুঘরের ব্যবস্থাপনা ও পরিসর উন্নত করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক সংরক্ষিত হয়েছে।

মহাপরিচালক আরও জানান, নিয়মিত গ্যালারিতে জায়গা কম থাকায় বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে দুই হাজার স্মারক রয়েছে। দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা যেন এসব স্মৃতিচিহ্ন দেখতে পারেন, সে জন্যই দেশের সর্ববৃহৎ এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!