সংগৃহীত ছবি
জামালপুর সমিতি, ঢাকা’র নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন এবং মহাসচিব হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ নির্বাহী পরিষদের ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে জামালপুর সমিতির পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যরা সবার মতামত ও নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও জনমুখী করার আশা ব্যক্ত করেন।
সভায় আগামী শনিবার (১৬ মে) রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জামালপুর জেলার উন্নয়ন কার্যক্রমে সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে একটি সেমিনার আয়োজনেরও পরিকল্পনা করা হয়, যেখানে উন্নয়ন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান কর্মসূচি গ্রহণ এবং জামালপুরবাসীর জন্য একটি নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ঢাকাস্থ জামালপুরিয়ানদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, সংগঠনটি কেবল সামাজিক প্ল্যাটফর্ম নয়, বরং জেলার উন্নয়ন ও মানবিক সহায়তায় আরও কার্যকর ভূমিকা রাখতে চায়। নতুন কর্মসূচিগুলোর মাধ্যমে ঢাকাস্থ জামালপুরবাসীর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসএইচ







































