• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৪২ এএম
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অন্যদিকে রাজধানীর সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া ভোলা, পিরোজপুর, গাজীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : শুক্রবার রাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে, আগারগাঁও, সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের ফটক, ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সাভার ও আশুলিয়ায় শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হেমায়েতপুরের জোড়পুল এলাকায় শুক্রবার দুপুরে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে শনিবার ভোরে পৃথক তিনটি স্থানে আরো তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় শনিবার ভোরে ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চলন্ত মেঘলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দিবাগত রাতে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে তবে কেউ হতাহত হয়নি। গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে শনিবার সকালে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় তার বাড়িতে এ হামলা হয়।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাড়িতে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে শুক্রবার গভীর রাতে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরেও গভীর রাতে দুটি দোকানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুত্ সমিতির পবা-২ উপকেন্দ্রে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পেট্রোলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। মানিকগঞ্জের সিংগাইরে শুক্রবার বিকালে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, নিরাপত্তার কারণে গতকাল শনিবার বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ। খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতুর পরিবর্তে বিকল্প পথে চলাচলের সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। নেত্রকোনায় শনিবার দুপুরে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে শনিবার মোটরসাইকেলসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার বিকালে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরেও শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসআই

Link copied!