• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার


বরিশাল প্রতিনিধি মে ২৫, ২০২৬, ০১:৪৭ পিএম
হামে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল বিভাগে হামের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাত হাজারে।

সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে ছয় মাস বয়সী আহাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায় এবং পাঁচ মাস বয়সী আলী আকবরের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৫ জনে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭৯৮ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২২ জন এবং বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে ৩৭ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৫ জন, বরগুনায় ৯ জন এবং ঝালকাঠিতে ১০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩১ শিশুর মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৭ জন, বরগুনায় ৫ জন, ঝালকাঠিতে ২ জন এবং পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগ বলেন, গত কয়েকদিন ধরে রোগীর চাপ অনেক বেড়েছে। একেবারে নবজাতক শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। সংক্রমণ কিছুটা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

পিএস

Link copied!