বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যা তোমার উপকারে আসে, তা অর্জনে সচেষ্ট হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং কখনো অক্ষমতা প্রকাশ করে বসে থেকো না।’ কোনো বিপদ ঘটলে ‘যদি এমন করতাম, তাহলে এমন হতো’—এ ধরনের আক্ষেপে ডুবে না থেকে বলতে হবে, ‘এটি আল্লাহর তাকদির; তিনি যা চেয়েছেন, তা-ই করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪) হাদিসের শিক্ষা ও মুমিনের ১০ করণীয়
১. কল্যাণকর কাজে সর্বোচ্চ চেষ্টা করা : একজন মুমিনের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের জন্য উপকারী ও কল্যাণকর বিষয় অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করা। অলসতা, উদাসীনতা কিংবা অযথা সময়ক্ষেপণ করে বসে থাকা মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনে সচেষ্ট থাকা উচিত।
২. আল্লাহর সাহায্য প্রার্থনা করা : মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই যেকোনো ভালো কাজ শুরু করার আগে ও কাজ চলাকালে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর অহংকার না করে আল্লাহর ওপর নির্ভর করতে হবে।
৩. অলসতা ও অক্ষমতার মানসিকতা পরিহার করা : কোনো কাজ কঠিন মনে হলেই হাল ছেড়ে দেওয়া কিংবা নিজেকে অক্ষম ভেবে চেষ্টা বন্ধ করে দেওয়া উচিত নয়। মুমিনের জীবন হবে কর্মমুখর, আশাবাদী ও উদ্যোগী। প্রতিকূল পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
৪. চেষ্টা ও তাওয়াক্কুলের মধ্যে সমন্বয় রাখা : ইসলাম শুধু আল্লাহর ওপর ভরসা করে বসে থাকতে শেখায় না; বরং যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহর ওপর নির্ভর করতে শেখায়। অর্থাৎ উপায়-উপকরণ গ্রহণ করা বান্দার দায়িত্ব, আর ফলাফল নির্ধারণ করা আল্লাহর ইচ্ছাধীন।
৫. অতীতের ব্যর্থতা নিয়ে অনুশোচনায় ডুবে না থাকা : জীবনে কোনো ভুল সিদ্ধান্ত, ব্যর্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে বারবার ‘এমন করলে এমন হতো’—এ ধরনের চিন্তায় নিজেকে কষ্ট দেওয়া উচিত নয়। কারণ অতীতকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের নেই। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
৬. তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা : জীবনে যা কিছু ঘটে, তা আল্লাহর জ্ঞান ও ইচ্ছার বাইরে নয়। তাই কোনো বিপদ বা ব্যর্থতার মুখোমুখি হলে মুমিনের উচিত আল্লাহর তাকদিরের প্রতি বিশ্বাস রাখা। এতে অন্তরে প্রশান্তি আসে এবং হতাশা ও অস্থিরতা থেকে মুক্ত থাকা সহজ হয়।
৭. বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা : বিপদাপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কখনো চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব ক্ষেত্রে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে।
৮. ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া : তাকদিরের ওপর বিশ্বাসের অর্থ নিজের ভুল ও দায়িত্ব অস্বীকার করা নয়। বরং কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি থেকে বাঁচতে সচেষ্ট হতে হবে। অতীতের আক্ষেপে আটকে না থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই মুমিনের বৈশিষ্ট্য।
৯. আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা : মানুষ যা চায়, সব সময় তা অর্জন করতে পারে না। কখনো তার পছন্দের বিষয়টি তার জন্য কল্যাণকর না-ও হতে পারে। তাই কাঙ্ক্ষিত কিছু না পেলে কিংবা কোনো বিপদে পড়লে আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে।
১০. আশাবাদী ও ইতিবাচক জীবন গড়ে তোলা : এই হাদিস মানুষকে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে বর্তমানের দায়িত্ব পালন এবং ভবিষ্যতের কল্যাণ অর্জনে মনোযোগী হতে শেখায়। মুমিন কখনো হতাশ হয়ে বসে থাকে না। বরং আল্লাহর সাহায্য চায়, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং ফলাফলের ব্যাপারে তাঁর ওপর ভরসা রাখে।
এম







































