• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৫৫ এএম
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মাধ্যমে নির্ধারিত আমদানি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।

এদিকে, পারমাণবিক জ্বালানি আমদানির শেষ চালান পৌঁছানোর পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে কার্যক্রমের বিভিন্ন দিক পরীক্ষা করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে কেন্দ্রটির অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া, পারমাণবিক জ্বালানি আমদানি এবং বিভিন্ন ধাপের কারিগরি পরীক্ষা শেষে পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতির দিকে এগোচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুটি ইউনিট চালু হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এম

Link copied!